দেশকে তুলে ধরুন, মস্কো প্রবাসীদের প্রধানমন্ত্রী
বাংলাদেশের সাফল্য তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রাশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মস্কোয় প্রেসিডেন্ট হোটেলে বুধবার রাতে একদল প্রবাসী দেখা করতে এলে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের প্রসারে ‘যৌথ অর্থনৈতিক কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে শেখ হাসিনা তাদের জানান।
শেখ হাসিনার সঙ্গে বুধবার রাতে রাশিয়া আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়া ছাত্রলীগ এবং বাংলাদেশ-রাশিয়া চেম্বারসহ বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতা দেখা করেন।
বাংলাদেশের ব্যবসায়ীরা কোন কোন খাতে রাশিয়ায় বিনিয়োগ করতে পারে- তা খুঁজে বের করার জন্য রাশিয়া প্রবাসী বাংলাদশি ব্যবসায়ীদের তাগিদ দেন শেখ হাসিনা।
আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দুই দেশের বাণিজ্য একশ কোটি ডলারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।
মস্কোয় মঙ্গলবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত রুশ সৈনিকদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
