বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত
মেহেরপুর শহরে বোমা বানানোর সময় বিস্ফোরণে এক তরুণের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার বিকালে কাঁশাড়িপাড়া মোড়ে এ ঘটনায় আহত জিরণকে (১৭) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিরণ শহরের মল্লিকপাড়ার আনারুলের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মেহেরপুরের পুলিশ সুপার মোজাফ্ফর হোসেন বলেন, জিরণসহ কয়েকজন এসকে ফার্মেসীর পিছনে বাগানে বসে কিছু বানাচ্ছিল। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শুনে লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।
তার দুই সঙ্গী পালিয়ে গেলেও জিরন পড়ে থাকে ঘটনাস্থলে।
পুলিশ সুপার আরো জানান, এই ঘটনায় জিরণকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
“কেন তারা বোমা বানাচ্ছিল তা জিরণ সুস্থ হওয়ার পর তার স্বীকারোক্তিতে জানা যাবে,” বলেন তিনি।
