২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় ছাত্র হত্যা: পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬০ জনকে আসামি করে দেয়া অভিযোগপত্র গ্রহণ করে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 09:29 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বুধবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক কাজী শহীদুল ইসলাম শুনানির পর অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্তি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবলু আদেশের পর সাংবাদিকদের বলেন, “আদালত এ মামলায় পলাতক ৩৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া জামিনে থাকা ১৩ আসামির মধ্যে যে ৩ জন আদালতে হাজির হননি, তাদের বিরুদ্ধেও পরোয়ানা দিয়েছেন।”

তাদের গ্রেপ্তার করা গেল কি না- আগামী ৭ ফেব্রুয়ারি তা আদালতকে জানাতে বলেছেন বিচারক।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অভিযোগপত্রে আরো তিন জনকে আসামি হিসাবে অন্তভুর্ক্ত করার দাবি জানান। কিন্তু বিচারক শুনানি শেষে তাতে সম্মতি দেননি।

“এ ব্যাপারে বিচারক বলেছেন, সময় নিয়ে তদন্ত শেষে মামলার এই প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তাই এখানে কোনো ত্রুটি নেই। প্রকৃতপক্ষে যারা আসামি তাদেরই অন্তভুর্ক্ত করা হয়েছে।”

এদিকে এ মামলার জেল-হাজতে থাকা দুই আসামির আইনজীবীরা জামিনের আবেদন করেন। বিচারক তা নাকচ করে দেন বলে জানান আইনজীবী বাবুল।

২০১১ সালের ৭ জুলাই শবে বরাতের রাতে আমিন বাজারের বড়দেশী গ্রামসংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।

পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিনসহ নিহত ছাত্ররা নিরপরাধ প্রমাণিত হলেও স্থানীয় বালু ব্যবসায়ী মালেক ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

ছয় ছাত্রকে হত্যার মামলায় গ্রেপ্তার ২৪ জনের মধ্যে ১৩ জন বিভিন্ন সময়ে জামিন নেন। বাকি ১১ জন এখনো কারাগারে আছেন।

পুরনো খবর:

ছয় ছাত্র হত্যা: ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র