ছয় ছাত্র হত্যা: ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬০ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব)।
এতে বলা হয়েছে, আসামিরা আমিনবাজারের বরদেশি গ্রামে ছয়জনকে পিটিয়ে হত্যা করেছ।
এই অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না- তা আগামী ১৬ জানুয়ারি জানাবে আদালত।
এছাড়া ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, পিটুনির শিকার ছাত্র আল আমিনসহ কয়েকজনের নামে সাভার থানায় দায়ের করা ডাকাতির মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।
একইসঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম।
২০১১ সালের ৭ জুলাই শবে বরাতের রাতে আমিন বাজারের বড়দেশী গ্রামসংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। সে সময় তাদের সঙ্গে থাকা আল আমিন প্রাণে বেঁচে যান।
পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিনসহ নিহত ছাত্ররা নিরপরাধ প্রমাণিত হলেও স্থানীয় বালু ব্যবসায়ী মালেক ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে মামলা করেন।
নিহত ছাত্রদের ডাকাত সন্দেহে হত্যা করায় সাভার থানা পুলিশ আরেকটি মামলা করে। ওই মামলাতেই অভিযোগপত্র দিয়েছে র্যাব।
জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল জানান, এ মামলার অভিযোগপত্রভুক্ত ৬০ আসামির মধ্যে ১৪ জন নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এ মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ পরে জামিন পায়।
অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৯৬ জনকে। আলামত দেখানো হয়েছে ১১টি।
