২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলা

পৌষ সংক্রান্তি উপলক্ষে এবারও হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা সোমবার শুরু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

দুই দিনব্যাপী এই মেলাকে ঘিরে গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। মেলার প্রথম দিন ছিল দর্শক-ক্রেতাদের উপচেপড়া ভিড়।

আশপাশের জেলা থেকেও শত শত মানুষ মেলায় আসেন। সারাদিনই চলে মাছ বিক্রির উৎসব। তবে সন্ধ্যায় মাছ বেচা-কেনা জমে উঠে।

শুরু হয় বেশি দামে মাছ কেনার প্রতিযোগিতা। মেলায় ৬০ কেজি ওজনের একটি বাঘাই মাছ শেরপুর নদী থেকে ধরে নিয়ে এসেছেন পইল গ্রামের মিন্নত আলী। তিনি এ মাছটির দাম হাঁকেন ৫০ হাজার টাকা।

বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরীর সঙ্গী এক ব্যবসায়ী ২৫ হাজার টাকায় এ মাছটি কিনে নেন।

মেলায় ৫ থেকে ১০ হাজার টাকা দামের মাছই বেশি বিক্রি হয়েছে। বিশালাকৃতির বাঘাই, বোয়াল, চিতল, রুই, কাতল, কার্প, কালী বাউশ, ঘাসকার্প, শোল, গজার ইত্যাদি মাছ মেলায় স্থান পায়।

এছাড়া পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা ইত্যাদি মাছও ছিল। মাছের পাশাপাশি মেলায় বিভিন্ন কৃষিজাত পণ্যের সমাগমও ঘটে।

এছাড়া শিশু-কিশোরদের জন্য ছিল নানা ধরণের খেলনার দোকান।

মেলায় আগতরা জানান, প্রতি বছরই তারা এ মেলায় আসেন মাছ কেনার জন্য। পইল গ্রামের মাছের এই মেলা শত বর্ষের পুরনো।

 হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি সৈয়দ আহমুদুল হক জানান, উপ-মহাদেশের প্রখ্যাত বাগ্মী নেতা বিপিন পালের জন্মস্থান পইল গ্রাম। এই গ্রামের এই মাছের মেলা শত বছরের ঐহিত্য লালন করে আসছে। তিনি মেলার দর্শনার্থীদের  সুবিধার্থে প্রশস্ত রাস্তা নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান।