২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে নিহত ১৩ জনই বাংলাদেশি

বাহরাইনে শুক্রবারের অগ্নিকাণ্ডে নিহত ১৩ জনের সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নুরুল ইসলাম হাসিব

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

এর আগে ওই অগ্নিকাণ্ডে নিহতদের ১১ জন বাংলাদেশি বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল।

সোমবার মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাকি দুজনের পরিচয় মিলেছে, তারাও বাংলাদেশি।

Image
এই ভবনেই অগ্নিকাণ্ডে নিহত হন ১৩ বাংলাদেশি

এই ভবনেই অগ্নিকাণ্ডে নিহত হন ১৩ বাংলাদেশি

যে দুজনের লাশ সর্বশেষ সনাক্ত হয়েছে, তারা হলেন- চাঁদপুরের মতলব উপজেলার ধনপতি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহীন খান এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় বানিশা গ্রামের জয়নুল আবেদীনের ছেলে মফিজুল ইসলাম।

নিহত অন্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের নাছির মিয়ার ছেলে জসিম, কাইতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে স্বপন ও সাইফুল ইসলাম ওরফে সবুজ, গৌরিগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার, চানমিয়ার ছেলে জরু মিয়া।

চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিপুর এলাকার সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, পটিয়া উপজেলার বাতুয়া গ্রামের হাজি রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, একই উপজেলার মারিপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল।

চাঁদপুরের কচুয়া উপজেলার নওয়াপাড়ার আলমের ছেলে টিটো মিয়া ও শাহাদাত এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ওসমান গনি।

লাশগুলো ফেরত আনতে অন্তত ১০ দিন সময় লাগতে পারে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

ওই অগ্নিকাণ্ডে আরো দুই বাংলাদেশি আহত এবং ৬৩ জন বাংলাদেশি শ্রমিকের জিনিসপত্ পুড়ে যায় বলে মন্ত্রী জানান।

শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লাগে, যার বাসিন্দাদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি শ্রমিক।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বাহরাইনি কর্মকর্তারা এর তদন্ত চালাচ্ছে।

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।

গত বছরের ২৭ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ২০ কিলোমিটার দূরে এক বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়।

এর আগে ২০০৬ সালে গুদাইবিয়ায় এক অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক মারা যায়।

বাহরাইনে বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছে। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, যেখানে মোট জনসংখ্যা সাড়ে ১২ লাখের কম।

বাহরাইন থেকে ২০১১-২০১২ অর্থবছরে প্রায় ৩০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।