২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্পনা চাকমাকে অপহরণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কল্পনা চাকমাকে অপহরণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়িরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সোমবার দুপুরে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বক্তারা কল্পনা চাকমার ‘অন্তর্ধান’ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তৎকালীন লেফটেন্যান্ট ফেরদৌস, নুরুল হক ও সালেহ আহম্মদকে গ্রেপ্তারের দাবি জানান।

দুপুরে বাঘাইছড়ি উপজেলা মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঙ্গদ চাকমা, সাজেক ইউনিয়ন শাখার সভাপতি রিপন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা বক্তব্য রাখেন।

১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি থানার নিউ লাল্যাঘোনা থেকে তুলে নেয়া হয় কল্পনা চাকমাকে। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি।

এই ঘটনায় কল্পনার পরিবার মামলা করলে ২০১০ সালের ২১ মে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দেয়। তখন মামলার বাদী ও অপহৃতার বড় ভাই কালিন্দী কুমার চাকমা তা প্রত্যাখ্যান করে ঘটনার পুনঃতদন্তের দাবি করেন।

আদালত তখন ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমার দেয়ার জন্য সিআইডিকে নির্দেশ দেন। গত বছরের ২৬ সেপ্টেম্বর সিআইডি এ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।

প্রতিবেদনে কল্পনা চাকমার সন্ধান না পাওয়ার কথা বলা হয়। এছাড়া কল্পনাকে পাওয়া গেলে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ ব্যাপারে ফের তদন্ত প্রতিবেদন দেয়ার সুপারিশ করা হয় সিআইডির পক্ষ থেকে।

গত বোরবার আদালেতে এই প্রতিবেদনের ওপর নারাজি দিয়ে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বাদী পক্ষের আইনজীবী।