নিখোঁজের ৮দিন পর কৃষকের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার আট দিন পর সিরাজগঞ্জ সদরের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদরের হরিণা এলাকায় ইছামতি নদীতে আজিজুল হকের (৬০) ভাসমান লাশ পাওয়া যায়।
আজিজুল হক উপজেলার রতনকান্দি ইউনিয়নের মধ্য খামারগাতি গ্রামের প্রয়াত এলাহী বক্স প্রামানিকের ছেলে।
গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আজিজুরের চাচা শ্বশুর আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে প্রতিবেশী আয়নাল হক ও শহিদুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে আজিজুলের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার গ্রামে শালিসের দিন ধার্য ছিল। কিন্তু আগের দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হন।
সদর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মুখের সব দাঁত ভেঙে দেয়া হয়েছে এবং কোমড়ে চাদর দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছিল।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
