২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় ভিসিবিরোধীদের ওপর বোমা-অ্যাসিড

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সরকার সমর্থক ছাত্রলীগের বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 06:14 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার হামলার সময় হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি অ্যাসিডও ছোড়া হয় বলে আন্দোলনরতদের অভিযোগ। এতে ঝলসে গেছেন পাঁচ শিক্ষক।

হামলার প্রতিবাদ উপাচাযর্ের পদত্যাগ দাবিতে অনশনে বসেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগসহ চারটি দাবিতে গত কিছু দিন ধরে ‘সচেতন শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষকদের একাংশ। এরপর ‘সম্মিলিত ছাত্রসমাজ’ ব্যানারে তাদের সঙ্গে যোগ দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা গত শনিবার থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে মঞ্চ করে কর্মসূচি চালিয়ে আসছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ওই মঞ্চে অবস্থান ধর্মঘটের সময় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা হয়।

‘মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের’ আহ্বায়ক এম হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শিশির ও হাদীউজ্জামান হাদীর নেতৃত্বে শতাধিক বহিরাগত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

“তারা মঞ্চের কাছে ককটেল বিস্ফোরণ ঘটায়, অ্যাসিড ছোড়ে। তারা মঞ্চ ও মঞ্চের মাইক ভাংচুর করে।”

রংপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) বি এম জাকির হোসেন শিক্ষকদের ওপর অ্যাসিড নিক্ষেপের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীরা সেখানে ৫০টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

হামলাকারীদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হন পাঁচ শিক্ষক। তারা হলেন- মুক্তিযুদ্ধর চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব তুহিন ওয়াদুদ, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক সানোয়ার সিরাজ, ইতিহাসের প্রভাষক গোলাম রব্বানী, হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ।

ড. তুহিন ওয়াদুদ ও মতিউর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ওই দুই শিক্ষকের চোখের ওপরে ও মুখমণ্ডল ঝলসে গেছে। তবে তাদের চোখ নষ্ট হওয়ার আশঙ্কা নেই।

এছাড়াও হামলায় আহত হন ১৮ শিক্ষক-শিক্ষার্থী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পরে হামলাকারীরা উপাচাযর্ের কার‌্যালয়ের সামনে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের’ ব্যানার লাগিয়ে মঞ্চ তৈরি করে কনসার্ট শুরু করে। তবে পরে দুপুর ১টার দিকে পুলিশ গিয়ে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপাচার্যের কার্যালয়ের সামনে নির্মিত মঞ্চের নিচ থেকে বিপুল পরিমাণ কিরিচ, চাপাতি ও লোহার রড়সহ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার রাজ্জাক সাংবাদিকদের বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্যাম্পাসে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে হামলার পর বেলা ৩টা থেকে একাডেমিক ভবন-৩ এর পাশে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেছে আন্দোলনকারীরা।

তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোজাম্মেল হক ও বেশ কয়েকজন কর্মকর্তাও আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

হামলাকারীরা ছাত্রলীগের ব্যনার টানিয়ে অনুষ্ঠান করলেও এর দায় নিতে অস্বীকৃতি জানান রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাসান লিউ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তাই এ হামলার দায় ছাত্রলীগ বহন করবে না।”

হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান ছাত্রলীগ নেতা।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “দুর্নীতির কারণে উপাচার্য আব্দুল জলিল মিয়ার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে আসছি।”

পুরনো খবর:

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা