রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল, সমাবেশ, ধর্মঘট, মানববন্ধন এবং অনশন কর্মসূচি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের এ নিষেধাজ্ঞা আরোপের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে কর্তৃপক্ষের এই আদেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা, ‘ছাত্রলীগের’ হামলার পর যারা বৃহস্পতিবার বিকালে আমরণ অনশনে বসেছেন।
সচেতন শিক্ষক সমাজের নেতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক এম হাফিজুর রহমান বলেন, “আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এখন আর আন্দোলন থেকে সরে আসার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মন্ডল সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞার পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র বহন করার জন্য অনুরোধও জানান তিনি।
তবে বিশ্ববিদ্যালয় নিষেধাজ্ঞা আরোপের পরও সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে অনশন চলছিল।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর সকালে হামলা হয়। ছাত্রলীগের নাম নিয়ে ওই হামলাকারীরা হাতবোমা বিস্ফোরণের পাশাপাশি অ্যাসিডও ছোড়ে বলে আন্দোলনকারীদের অভিযোগ।
এতে আহত হয়েছেন ১৮ জন, এর মধে্যে দুই শিক্ষকের চোখের ওপরে ও মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে গেছে।
উপাচার্যের পদত্যাগসহ চারটি দাবিতে গত কিছু দিন ধরে সচেতন শিক্ষক সমাজ ব্যানারে আন্দোলন করে আসছে শিক্ষকদের একাংশ। সম্মিলিত ছাত্র সমাজ ব্যানারে তাদের সঙ্গে যোগ দিয়েছে ছাত্ররাও।
