২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র করছে: বিএনপি

ভোটের অধিকার কেড়ে নিয়ে বর্তমান সরকার আরেকটি ‘ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছে বিরোধী দল বিএনপি

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

শুক্রবার বিকালে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এই অভিযোগ করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্র নৎসাতের চেষ্টায় বিরোধী দল তত্ত্বাবধায়কের নামে আবার এক-এগারো আনার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, বিরোধী দল নয়, সরকারই ভোটের অধিকার হরণ করে আরেকটি এক-এগারো আনার ষড়যন্ত্র করছে। জনগনকে বলব, আপনারা সজাগ থাকুন- এ সরকার যাতে ওয়ান ইলেভেন না আনতে পারে।”

২০০৭ সালে ১১ জানুয়ারি সেনানিয়ন্ত্রিত ‘তত্ত্বাবধায়ক সরকার’ গঠনের দিনটিকে ‘কালো দিবস’ হিসাবে পালনের অংশ হিসাবে বিকালে এই কালো পতাকা মিছিল করে বিএনপিসহ ১৮ দলীয় জোট।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল ৪টায় কালো পতাকা মিছিল শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে গিয়ে বিকাল ৫টায় শেষ হয়। বিএনপি, জামায়াতসহ জোটের হাজার হাজার নেতা-কর্মী কালো পতাকা হাতে নিয়ে এই মিছিলে অংশ নেয়।

২০০৬ সালের শেষ ভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে যে সহিংসতা-হানাহানি ছড়িয়ে পড়ে, পরের বছর ১১ জানুয়ারি তার আপাত অবসান ঘটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারির মধ্যে দিয়ে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন তিনি। বাতিল করা হয় ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় নির্বাচন। 

এরপর সেনা নিয়ন্ত্রণে গঠিত হয় নতুন ‘তত্ত্বাবধায়ক সরকার’, যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ। এই সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করে দুই বছর পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, আবার গণতন্ত্রে ফেরে দেশ। 

তরিকুল ইসলাম সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে বলেন, “প্রধানমন্ত্রী বিরোধী দলের যেকোনো কর্মকাণ্ড দেখলেই যুদ্ধাপরাধীর বিচার বানচালের কথা বলেন। তীব্র শীতে কাবু হয়েছে দেশের মানুষ। প্রধানমন্ত্রী কখন না জানি বলে বসেন, এই শীতও বিএনপি এনেছে, যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করার জন্য।”

‘ওয়ান ইলেভেন’ সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, “আজকের প্রধানমন্ত্রী ওয়ান ইলেভেনের পর বলেছিলেন, ফখরুদ্দিন সাহেবদের সরকার তাদের আন্দোলনের ফসল। বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে তিনি (শেখ হাসিনা) উপস্থিত ছিলেন। ফখরুদ্দিন আহম্মেদকে তিনি স্বাগত জানিয়েছিলেন”

“২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল লন্ডনে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বর্তমান মহাজোটের সরকার আতাঁত ও সমঝোতার সরকার। তাই আজ প্রশ্ন উঠে- তারা (আওয়ামী লীগ) কি সত্যিকারভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল।”

দেশ-বিদেশের অনেক কুটনীতিরা সেই সময়ে ষড়যন্ত্র করেছে অভিযোগ করেন তরিকুল ইসলাম বলেন, ‍“আমরা চাই না- আরেকটি ১/১১ সৃষ্টি হোক। সেজন্য ওই দিনটির স্মরণে ঘৃণা প্রকাশের জন্য আমরা আজ কালো পতাকা মিছিল করছি।”

১/১১ এর সঙ্গে আওয়ামী লীগের জড়িত থাকার উদাহরণ দিয়ে সাবেক তথ্যমন্ত্রী বলেন, “ওয়ান ইলেভেনের সৃষ্টির সঙ্গে জড়িত সেনা সমর্থিত সরকারের তৎকালীন নবম পদাতিক ডিভিশনের জিওসি মাসুদ উদ্দিন চৌধুরী এখনো অস্টেলিয়ার হাইকমিশনার হিসেবে কাজ করে যাচ্ছেন। এই সরকারের সঙ্গে সখ্যতা না থাকলে কীভাবে তিনি ওই পদে বহাল থাকেন।”

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষন দেয়ার কথা উল্লেখ করে তরিকুল ইসলাম দাবি করে বলেন, “আমরা আশা করব, মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারে অর্থ লুন্ঠন, পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি, হল-মার্ক, ডেসটিনিসহ বিভিন্ন কেলেঙ্কারি, বির্তকিত সোনালী ব্যাংকের পর্যদ, বিশ্বজিত হত্যাকাণ্ড, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার বিচারসহ বিভিন্ন বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন তা দেশবাসীর কাছে প্রকাশ করবেন।”

“বিচার বিভাগ স্বাধীনভাবে চলছে কিনা তা প্রধানমন্ত্রী দেশবাসীকে জানাবেন। নিখোঁজ হয়ে যাওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৭ জন তাদের পরিবারের কাছে কবে ফিরে আসবে, তা তিনি জানাবেন।”

কালো পতাকা মিছিলের সামনের দিকে বিএনপির স্থায়ী কমিটির আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।

এছাড়া ১৮ দলীয় জোটের মধ্যে জামায়াতে ইসলামীর অধ্যাপক মজিবুর রহমান, হামিদুর রহমান আযাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মবিন, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ন্যাপ এর গোলাম মোস্তফা ভুঁইয়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টির শাহাদাত হোসেন সেলিম, কল্যান পার্টির এম এম আমিনুল রহমান প্রমুখ নেতারা অংশ নেন।