চট্টগ্রামে পরিত্যক্ত জাহাজে আগুন
সীতাকুণ্ডের শীতলপুরে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিত্যক্ত এক জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে।
সীতাকুণ্ডের শীতলপুরে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিত্যক্ত এক জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরায় এসএম করপোরেশন নামের একটি ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমভি ক্যাপিটাল মেন নামের ওই পরিত্যক্ত জাহাজের মেঝে কাটার কাজ করার সময় জমে থাকা তেলে আগুন ধরে যায়।পরে তা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, “এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের কোনো শ্রমিক বা কর্মচারী হতাহত হননি।”
আগুনে পরিত্যক্ত জাহাজটির বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি দিদারুল।
