২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হরতালের সমর্থনে প্রচারে বাধার অভিযোগ

জামায়াত নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার সিপিবি ও বাসদের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে প্রচার কাজে বরিশালে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

জামায়াত নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার সিপিবি ও বাসদের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে প্রচার কাজে বরিশালে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাসদের জেলা কমিটির সদস্য এইচ এম ইমন সাংবাদিকদের জানান, সোমবার দুপুর ১২টার দিকে শহরের কাকলী সিনেমা হল মোড়ে হরতালের সমর্থনে প্রচার কাজে সরকার সমর্থক ছাত্রলীগ বাধা দিয়েছে।

“দুপুরে একটি অটোরিকশা করে হরতালের সমর্থনে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছিল। এ সময় ছাত্রলীগের ৭-৮ জন কর্মী এসে মাইক বন্ধ করে দেয়, প্রচারপত্র ও ব্যানার কেড়ে নেয়। এ সময় তারা গালাগালি করে।”

তবে জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরেনিয়াবাদ জানান, তিনি এমন কিছু জানেন না।

সদর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, তিনি এ ব্যাপারে কোন অভিযোগ পাননি।