বিজয় দিবসে ত্রিপুরায় শহীদদের প্রতি শ্রদ্ধা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ত্রিপুরা রাজ্য রাইফেলস্ এর সৈনিকদের স্মরণ করা হয়েছে ভারতের রাজধানী আগরতলায়।
ত্রিপুরার গভর্নর ড. ডি ওয়াই পাতিল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জয়গোবিন্দ দেব রোববার নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে আগরতলায় মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সেনাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হওয়া সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভর্নর পাতিল বলেন, “আশা করছি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।”
অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, অবসরে যাওয়া সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং স্থানীয় প্রশাসনও এ সময় যুদ্ধ নায়কদের প্রতি সম্মান জানান।
ত্রিপুরায় বাংলাদেশি মিশনেও বিজয় দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে আগরতলায় বাংলাদেশ মিশনের প্রধান ওবায়দুর রেহমান মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ত্রিপুরার জনগণকে ধন্যবাদ জানান।
“ত্রিপুরা যদি যুদ্ধে সহায়তা করতে এগিয়ে না আসতো তবে এত তাড়াতাড়ি বিজয় আসতো না। তখন আগরতলা তাদের জনগোষ্ঠীর চেয়ে দ্বিগুণ সংখক উদ্বাস্তুকে আশ্রয় জুগিয়েছে, খাবার দিয়েছে। অস্ত্র আর প্রশিক্ষণ দিয়েছে”
