২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি ব্যবহারে মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, পানি ব্যবহারে মিতব্যয়ী হলে খরচও কমবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

পানির ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় ফেইজের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “পানির ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। এতে করে খরচও কমে যাবে।”

“নদীমাতৃক দেশ বলে আগে আমরা মিতব্যয়ী ছিলাম না। কিন্তু সময়ের প্রয়োজনে আমাদের মিতব্যয়ী হতে হবে।”

সাধারণ নাগরিকদের পানির ব্যবহারে আরো মিতব্যয়ী হওয়ার জন্য সচেতনতা সৃষ্টির জন্য ওয়াসার প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

সরকারের পাশাপশি ঢাকার উন্নয়নে নগরবাসীকে এগিয়ে আসার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “শুধু পানি নয়, গ্যাস, বিদ্যুৎসহ সব নাগরিক সুযোগ-সুবিধার পরিমিত ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

সবাই মিলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করার আহবান জানান প্রধানমন্ত্রী।

বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করার জন্যও নগরবাসীর প্রতি আহবান জানান সরকার প্রধান।


প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা মহানগরীর উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিয়েছি। আমাদের লক্ষ্য ঢাকাকে বাসযোগ্য করা।”

সায়েদাবাদ দ্বিতীয় পর্যায়ের পানি শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্ড অলিং পরের পর্যায়ের কাজের জন্য ১০০ মিলিয়ন মাকিন ডলার দেয়ার ঘোষণা দেন।

এজন্য ডেনমার্ক সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, ঢাকা মহানগরীর সুপেয় পানির চাহিদা পূরণে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প গ্রহণ করে। তিনটি পর্যায়ে ভাগ করে এর বাস্তবায়ন শুরু করা হয়। প্রথম পর্যায়ের কাজ ১৯৯৭ সালে হাতে নেয়া হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় গিয়ে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ আর শুরু করেনি।

“ফলে ঢাকার পানি সমস্যা প্রকট আকার ধারণ করে। জনদুর্ভোগ চরমে ওঠে। এবার সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০১০ সালে আমরাই আবার দ্বিতীয় প্রকল্পের কাজ শুরু করি।”

নির্ধারিত সময়ের ছয়মাস আগে এ প্রকল্পের কাজ শেষ হওয়ায় ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ২০১০ সালের ১৫ এপ্রিল শেখ হাসিনা এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।

একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতার জন্য ডেনমার্ক সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে বলা হয়, সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-২ উদ্বোধনের ফলে ঢাকা নগরবাসী দৈনিক সাড়ে ২২ কোটি লিটার অতিরিক্ত সুপেয় পানি পাবে।

বিলিং সিস্টেমকে ডিজিটালাইজড্ করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বিল দিতে গিয়ে কিছু ধরিয়ে দেবেন আর বিল কম হবে তা হবে না।”

সরকার অচিরেই প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “তৃতীয় পর্যায় বাস্তবায়িত হলে দৈনিক আরো অতিরিক্ত ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার অনেকাংশে কমে যাবে।”

ঢাকা ওয়াসার সেবা ও কার্য পরিধির পুনর্বিন্যাস করে ঢাকা ওয়াসা অ্যাক্ট ১৯৯৬ প্রণয়নের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এবার দায়িত্ব গ্রহণের পর ঢাকা ওয়াসার পানি সরবরাহ বৃদ্ধির স্থায়ী সমাধানের জন্য একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।”

“গভীর নলকূপের পাশাপাশি এ পরিকল্পনায় রয়েছে পদ্মার পানি ব্যবহার করে মাওয়া ঘাট সংলগ্ন জশলদিয়া এলাকায় পানি শোধনাগার নির্মাণ এবং মেঘনার পানি ব্যবহার করে খিলক্ষেত এলাকায় পানি শোধনাগার নির্মাণ।”

ঢাকার চারপাশের নদীর দূষণ রোধে তলদেশের বর্জ্য অপসারণ এবং বুড়িগঙ্গাকে দূষণমূক্ত রাখতে তীরের অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যমুনা থেকে পানি আনার প্রকল্প হাতে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার, এবং ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে মিরপুর থেকে বনানী পর্যন্ত ফ্লাইওভারের নির্মাণ কাজ চলার কথাও বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই বলেন, “ওয়াসার লোকেরা সব পারে। এই ওয়াসার মেয়েই তো নিশাত। বাংলাদেশের প্রথম মেয়ে হিসাবে সে এভারেস্টে উঠেছে।”

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী আশরাফুল ইসলাম বলেন, “আমি আনন্দিত এই প্রজেক্টে শতভাগ ইনট্রিগিটি মেনটেইন করা হয়েছে।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিরোধীদলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “এই ডিসেম্বর মাসকে কেউ কেউ কলংকিত করতে চায়।”

বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে নানক বলেন, “আজকে আধা বেলা হরতাল কেনো ডাকলেন ? কারণ, ম্যাডাম খালেদা জিয়া আড়াইটায় বাটেক্সেপো মেলায় যাবেন।”

আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা বিরোধীদলের সমালোচনা করে বলেন, “আমরা আগের এমপিকে জনগণের তাড়া খেতে হয়েছিল। আল্লাহর রহমতে আমাদের প্রধানমন্ত্রী যে কাজ হাতে নিয়েছেন- তাতে আমাদের তাড়া খেতে হবে না।”

ডেনমাকের রাষ্ট্রদূত ভেন্ড অলিং বলেন, “আমরা বাংলাদেশের সাধারণ জনগণের উন্নয়নে কাজ করতে চাই। সেটা যেখানেই হোক না কেনো। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

এ সময় ঢাকা ওয়াসার কমকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদশন করা হয়।

পরে প্রধানমন্ত্রী ফিতা কেটে ও বোতাম টিপে এই প্রকল্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৫২৫ ঘ.