২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেক দখল করে রাস্তা করায় রাজউককে নোটিস

রাজধানীর উত্তরা লেকের জায়গা দখল করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্মাণকাজ বন্ধ করতে বলেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 06:29 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা লেকের জায়গা দখল করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্মাণকাজ বন্ধ করতে বলেছে পরিবেশ অধিদপ্তর। রোববার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উত্তরা লেক সংলগ্ন ফায়েদাবাদ মৌজায় উত্তরা পাঁচ নম্বর সেক্টরের ২ বি সড়কের শেষ প্রান্ত ও তিন নম্বর সেক্টরের ২২ নম্বর সড়কের শেষ প্রান্তের মধ্যবর্তী একটি সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা বন্ধ করতে রাজউককে বলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানায়, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় অধিদপ্তরে তদন্ত দল সরেজমিনে গিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে লেকের ওপর কোনাকুনিভাবে লাল পতাকা টানানো দেখতে পায়। এ রাস্তা নির্মিত হলে লেকের অন্তত দুই শতক জায়গা নষ্ট হয়ে যাবে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রোববার রাজউক চেয়ারম্যানকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ওই কাজ বন্ধের নোটিস দিয়েছেন এবং আগামী ১১ ডিসেম্বর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে একজন প্রতিনিধি পাঠাতে বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/০০২১ ঘ.