২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক্ড

একই হ্যাকাররা আরো ২৬টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকের দাবি করেছে। নিজেদের পরিচয় তারা দিয়েছে ‘পাকিস্তান আর্মি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যাকিংয়ের কবলে পড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট। একই হ্যাকাররা সরকারি আরো ২৬টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকের দাবি করেছে। নিজেদের পরিচয় তারা দিয়েছে ‘পাকিস্তান আর্মি’। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি (www.mofa.gov.bd) খুললে দেখা যায়, প্রচ্ছদে কালো ব্যানারের ওপর সবুজ রঙে ইংরেজিতে লেখা হয়েছে- ‘ইউ হ্যাভ বিন হ্যাকড!’ এই লেখার একটু নিচে হ্যাকাররা তাদের কিছু সাঙ্কেতিক চিহ্ন ব্যবহার করেছে। তারপর লেখা ছিল- “পাকিস্তান সাইবার আর্মির পক্ষ থেকে একটি প্রতিশোধ। এটি কোনো খেলা নয়। আগুন নিয়ে খেলা করো না।” সব শেষে ‘অরো ওয়েবসাইট হ্যাক করা হবে’ এমন হুমকি দিয়ে লেখা আছে ‘পাকিস্তান জিন্দাবাদ’। হ্যাকাররা সেখানে ২৬টি হ্যাকড বাংলাদেশি ওয়েবসাইটের ঠিকানা দেয়, যার অধিকাংশই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। এছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটও ওই তালিকায় রয়েছে। হ্যাকিংয়ের শিকারের তালিকায় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করার পোর্টালটি। এছাড়াও রয়েছে কয়েকটি উপজেলা পরিষদের ওয়েবসাইট। রাত পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়সহ এই ওয়েবসাইটগুলো খোলার চেষ্টা করে খোলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এমআই/০০১০ ঘ.