মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার রাত ১০টায় উভয়পাড় থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
কুয়াশার তীব্রতায় মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয়েছে নয়টি ফেরি, যাতে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। এ কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। উভয়পাড়ে চলাচলের জন্য আরো ছয়টি ফেরি অপেক্ষা করছে।”
কুয়াশা কাটার পর ফেরি আবার চালু হবে বলে সিরাজুল জানান।
কুয়াশার কারণে শনিবার রাতেও ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হয়। মাওয়া-কাওড়াকান্দি রুটের একটি ফেরিতে আটকা পড়েছিলেন নৌমন্ত্রী শাজাহান খানও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৫২ ঘ.
bdnews24