ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে শনিবার সকালে এসিড পানে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক-প্রেমিকা।
তারা হলেন- নাজির হোসেন (২৫) ও মৌসুমী আক্তার (১৯)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে মৌসুমী সাংবাদিকদের জানান, তাদের দুজনের মধ্যে সাত বছর ধরে প্রেম চলছে। কিন্তু গত ১২ নভেম্বর তার বাবা তাকে অন্যত্র বিয়ে দিতে পাত্র ঠিক করেন।
এরপর নাজির তাকে তার হাজারীবাগের গজমহলের বাসায় নিয়ে যায়। নাজিরকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে নিয়ে টালবাহানা শুরু করেন বলে মৌসুমীর অভিযোগ।
এরপর মৌসুমী এ বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানান। তবে তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ হওয়ায় তারা আত্মহত্যার চেষ্টা করে। শনিবার তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।
মৌসুমী সাংবাদিকদের বলেন, “নাজির বিয়েতে রাজি থাকলেও তার পরিবার রাজি ছিলনা। তাই শনিবার সকালে বাসায় নাজির আমার সামনে এসিড পানে আত্মহত্যার চেষ্টা করে।”
পরে মৌসুমী নিজেও বোতলের বাকি এসিড পানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান।
দুজনের মধ্যে নাজিরের অবস্থা আশঙ্কাজনক বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০৩৩ ঘ.
bdnews24