২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, ১৮ জন গুলিবিদ্ধ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীর চর দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

বাগেরহাট/গোপালগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। আহত ২৯ জনের মধ্যে গুলিবিদ্ধ রয়েছেন ১৮ জন। নিহত রিপন সরদার (৪০) সিংগাতী গ্রামের হাবিবুর রহমান সরদারের ছেলে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান জেলার সহকারী পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল। চুনাখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে মধুমতি নদীর চর দখলকে কেন্দ্র করে শনিবার সকালে ঘণ্টাব্যাপী এই সংঘাত বাঁধে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানায়, জাহিদ শিকদার ও জিন্নাহ শিকদারের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। জেলার সহকারী পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্তত ৩০ জন বন্দুক ও শটগানের স্পিলন্টারে আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে হাফেজ মহসিন সরদার (২৬) , হাসমত সরদার (৪০), ফরিদ চৌধূরী (৬০), মফিজুর চৌধূরী (৩০), রুস্তম শেখকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মিনারা বেগম (১৯), দীনু চৌধূরী (৩০), পলাশ সরদার (১৮), সুখ মিয়া সরদার (১৮), আব্দুল মান্নান চৌধূরী (৩০), মুকুল শেখ (২৭), রাসেল সরদার (২৫), আজিজুল সরদার (২০), বকুল সরদার (৬৫), মো. এনামুল (২৭), আবুল হোসেন (৩০), বেলায়েত মোল্লা (২৮), রহিম সিকদার (১৬), ইনছান সিকদার (৬০), তাহাবুর খাঁ (২০), রুস্তম আলী শেখ (৬৫), হেকমত চৌধূরী (৫২), হান্নান সরদারকে (৬২) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মধুমতি নদীর চরে ভূমিহীনদের সরকারি বন্দোবস্ত পাওয়া জমি দখল করে পাশের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামের জাহিদ সিকদার ইটভাটা তৈরির কাজ শুরু করে। সকালে ভূমিহীন ও মুক্তিযোদ্ধা কাছেম খাঁর জমির আখ কেটে নেয়। পরে ড্রেডার দিয়ে বালু ফেলে ওই জমি দখল করতে গেলে ভূমিহনরা সকাল ৭টার দিকে বাধা দেয়। এ সময় জাহিদ সিকদারের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সময় জাহিদের লোকজন শটগান দিয়ে গুলিবর্ষণ করে। এক পর্যায়ে ভুমিহীনরা পিছু হটলে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ থেমে যায়। বাগেরহাটের মোল্লাহাট থানার ওসি খায়রুল আনাম ঘটনাস্থল থেকে ফিরে জানান, সরকারি খাস জমিতে ইটভাটা নিয়ে ভূমিহীন ও প্রভাবশলী জাহিদ সিকদারের মধ্যে সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/ডিডি/১৯৩০ ঘ.