২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমএ’র পুনঃনির্বাচনের দাবিতে ড্যাবের মানববন্ধন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পুনঃনির্বাচনের দাবিতে শনিবার রাজধানীতে মানববন্ধন করেছে ড্যাবের আজিজ-জাহিদ পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পুনঃনির্বাচনের দাবিতে শনিবার রাজধানীতে মানববন্ধন করেছে ড্যাবের আজিজ-জাহিদ পরিষদ। এই পরিষদের নেতৃত্বে আছেন, ড্যাব এর অধ্যাপক এ কে এম আজিজুল হক ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাব এর চিকিৎসকরা সদ্য অনুষ্ঠিত বিএমএ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কথিত ভোট কারচুপির আলোকচিত্র সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। তারা ঘোষিত ফলাফল বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ ও পুনঃনির্বাচনের দাবি জানান। গত ২৯ নভেম্বর বিএমএ নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের অধ্যাপক মাহমুদ হাসান ও আসলাম আর্সলানের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়। ফলাফল ঘোষণার পর ড্যাব তা প্রত্যাখান করে। মানববন্ধনে ড্যাব প্যানেলের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. এস এম রফিকুল ইসলাম, চলচিত্রকার চাষী নজরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বিএমএ নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত চিকিৎসক সংগঠন যেভাবে ‘ভোট কারচুপি’ করেছে তা থেকে প্রমাণ হয় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। “তারা বিএমএর মতোই জাতীয় নির্বাচনে ভোট কারচুপি করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।’’ রোববারের রাজপথ অবরোধ কর্মসূচিতে চিকিৎসকদের অংশ নেওয়ার আহবানও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২১ ঘ.