ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন বছরে দেশের ৪৫৯টি উপজেলায় তিন হাজার ৩০০টি সেতু ও কালভার্ট নির্মাণ করবে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গ্রামীণ রাস্তায় এসব ছোট ছোট সেতু ও কালভার্ট নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) প্রশিক্ষণ কর্মশালার শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
সর্বোচ্চ ১২ মিটার (৪০ ফুট) দৈঘ্যবিশিষ্ট এসব সেতু ও কালভার্ট নির্মাণে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পিআইওদের নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, “সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে সমাজ ও দেশ উপকার বঞ্চিত হয়। ছোট সেতু ও কালভার্ট নির্মাণে কাজের মান যথাযথ হলে ভবিষ্যতে এ ধরণের কাজের বিস্তৃতি আরো বাড়ানো হবে।”
কর্মশালায় গ্রামীণ রাস্তায় সেতু ও কালভার্ট নির্মাণের স্থান নির্বাচন, মাটি পরীক্ষা, কাজের গুণগত মান নিয়ন্ত্রণ, নির্মাণকাজ তদারকিসহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
দুই দিনের কর্মশালায় দুটি ব্যাচে ৪৫৯ জন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা অংশ নেয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনাসচিব মেজবাহ উল আলম বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬০৭ ঘ.
bdnews24