বগুড়া, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মেলনে প্রধান অতিথি না করায় বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটুনির অভিযোগ উঠেছে সাংসদ হাবিবুর রহমানের বিরুদ্ধে।
বুধবার ধুনট উপজেলা ছাত্রলীগের সম্মেলনে মারধরের শিকার হন সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মিল্টন।
শফিক ও মিল্টন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান, তার ভাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ছেলে বাবু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রনি কেন্দ্রীয় নেতাদের সামনে তাদের মারপিট করেন।
তারা বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি মোরশেদুল আলম চৌধুরী, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ এ সময় ঘটনাস্থলে ছিলেন। তারা তাদের উদ্ধার করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী তারিক এবং সাধারণ সম্পাদক এজিএম বাদশাহ মারপিটের ঘটনা কথা স্বীকার করে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা এই দুই ছাত্রনেতাকে উদ্ধার করেন।
“এ কারণেই আমরা সম্মেলন বর্জন করেছি,” বলেন তিনি।
বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি আল রাজি জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারপিটের ঘটনা আমরা পৌঁছানোর আগে হয়েছে।
তিনি বলেন, “কাউন্সিলর নিয়ে জটিলতা হওয়ায় ধুনটে কমিটি ভোটাভিুটি করা সম্ভব হয়নি। পরে বগুড়া এসে ইকবাল হোসেন রিপনকে সভাপতি এবং মাইদুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।”
এ ব্যাপারে সংসদ সদস্য হাবিবুর রহমান ও কেন্দ্রীয় সহসভাপতি মোরশেদুল আলম চৌধুরীর সঙ্গে কথা বলতে চাইলে তারা কিছু বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24