চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা জোরদারে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ।
বুধবার বিকালে বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে ফায়ার সার্ভিস প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএ’র এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রুহুল আমীন যৌথ পরিকল্পনার মাধ্যমে পোশাক শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কারখানা মালিকদের সহযোগিতার প্রত্যাশা করেন।
তিনি আরো বলেন, যানজট, দূরত্ব, পর্যাপ্ত পানি সরবরাহের অভাবসহ বিভিন্ন কারণে অগ্নি নির্বাপণে বিলম্ব ও বিঘœ ঘটে।
এছাড়া, কারখানার অপ্রতুল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, আগুন নেভানোর সরঞ্জাম ব্যবহারে শ্রমিক-কর্মকর্তাদের অজ্ঞতা ও প্রশিক্ষণের অভাবে জান-মালের ক্ষয়ক্ষতি হয়ে থাকে বলে উল্লেখ করেন তিনি।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ফায়ার ড্রিল এবং শ্রমিকদের প্রশিক্ষণ দেয়ার জন্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সভায় বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালিত সাতটি পর্যবেক্ষণ দলের সাথে বিজিএমইএ’র সাতজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ফায়ার ড্রিল এবং শ্রমিকদের প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এ এম চৌধুরী সেলিম, সাবেক সহ-সভাপতি এসএম আবু তৈয়ব, সাবেক পরিচালক আ ন ম সাইফউদ্দিন, সদস্য শওকত ওসমান এবং ফায়ার সাভির্সের কর্মকর্তাবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24