ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কারিগাঁও সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনায় নিহত মো. সাকির (৩৫) হরিপুর উপজেলার জীবনপুর খেড়বাড়ী গ্রামের এরফান আলীর ছেলে।
দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমদাদুল হক বলেন, “গুলি করে বাংলাদেশি হত্যার ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছি আমরা।”
গত রোববার থেকে ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে এ নিয়ে মোট ৩ বাংলাদেশি নিহত ও ৫ জন আহত হয়েছেন।
নিহতের বাবা এরফান আলী ও চাচাত ভাই রহমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাকিরসহ আরও তিনজন গরু আনার জন্য মঙ্গলবার রাত ২টার দিকে হরিপুর উপজেলার কারিগাঁও সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে।
এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার মালদহখণ্ড ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশ ঘটনাস্থলেই সাকির মারা যায়। তার সঙ্গীরা পালিয়ে এসে সাকিরের পরিবারকে খবর দেয়।
সকালে তার লাশ বাড়ি নিয়ে আসা হয় বলে পরিবারের সদস্যরা জানান।
হরিপুর সদর ইউপি চেয়ারম্যান মো. এডিসন বলেন, “বিএসএফ কাঁটাতারের বেড়ার এপাশ থেকে নিহতের লাশ নিয়ে যাবার চেষ্টা করেছিল। কিন্তু লাশ বাংলাদেশের অংশে থাকায় পারেনি।”
হরিপুর থানার ওসি যতীনচন্ত্র রায় বলেন, “সীমান্তে গুলিতে একজন মারা গেছে এটা আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৫ ঘ.
bdnews24