২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় ৫ খুন

ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, পাবনা ও গাজীপুরে সোমবার ও মঙ্গলবার পাঁচজন খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, পাবনা ও গাজীপুরে সোমবার ও মঙ্গলবার পাঁচজন খুন হয়েছে। পারিবারিক কলহ ও পূর্বশক্রতার জেরে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে মুসা মিয়ার (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সরাইল থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে পাশের নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে ওয়াজ মাহফিলে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পূর্ব শত্র“তার জেরে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি। নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া নগর থেকে মঙ্গলবার সকালে নিরাপত্তা প্রহরী ধলু বৈদ্যের (৫৫) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী রূপালী বৈদ্যকে আটক করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কথাবার্তায় সন্দেহ হওয়ায় তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রূপালী বৈদ্য পুলিশকে বলেন, ভোরে তার স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হওয়ার কিছুক্ষণ পর চিৎকার দেন। এ সময় বাড়ির পাশের রাস্তায় গিয়ে তাকে জবাই করা অবস্থায় দেখতে পান। রাজবাড়ী: বালিয়াকান্দি উপজেলায় মঙ্গলবার সকালে আশরাফ হোসেন এমরানকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে তার পরিবারের সদস্যরা। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামের বাসিন্দা। বালিয়াকান্দি থানার ওসি কামরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সাহেদাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ আরো জানায়, সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে আশরাফের বিরোধ চলছিল। এর জেরে সকালে তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই আশরাফের মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের ছেলে, মেয়ে ও পুত্রবধূ পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাবনা: সদর উপজেলায় সোমবার রাতে শাহিনুর রহমান রিপনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রিপন আরিফপুর হাজিরহাট গ্রামের কুয়েত প্রবাসী হায়দার আলীর ছেলে। সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১২টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে যায়। লোকজন চিৎকার শুনে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। গাজীপুর: মঙ্গলবার সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের পুন্নাইরটেক গ্রাম থেকে দিনমজুর স্বামী সাওয়াজ ভূঁইয়ার (৩০) স্ত্রী শিল্পী আক্তারের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শিল্পীর বাড়ি মাদারীপুর সদরের আগলী গ্রামে। প্রায় ৮ বছর আগে সাওয়াজের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই ছেলে আছে। কালীগঞ্জ থানার ওসি মো. এনায়েত উদ্দিন প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে জানান, সাওয়াজ পারিবারিক কলহের জের ধরে সকালে শিল্পীর (২৫) মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাওয়াজ পালিয়ে যায়। এ ঘটনায় রাতেও কোনো মামলা দায়ের হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/সিএস/ডিডি/২০৩০ ঘ.