নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে ৫ শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার সকালে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এই ঘটনা ঘটে।
আহতদেরকে শহরের খানপুরে অবস্থিত ২শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন পান্না (১৬), মরিয়ম (২২), পারুল (২৫), মালা (২২) ও জোসনা (২০)।
দুর্ঘটনার কথা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বলেন, “বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।”
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত শ্রমিক পান্না ও জোসনা সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে পঞ্চবটি বিসিক শিল্প নগরীতে অবস্থিত এনআরআর ফ্যাশন লিমিটেডে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে তাদের শরীর ঝলসে গেলে তারা জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে তাদেরকে উদ্ধার করে শহরের খানপুরে ২শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৫৩৩ ঘ.
bdnews24