ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে কর্মী নিতে ডিসেম্বরের শেষ দিকে চাহিদাপত্র পাঠাবে মালয়শিয়া সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গত ২৬ নভেম্বর মালয়শিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে উভয় দেশের সরকারি পর্যায়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান খন্দকার মোশাররফ।
তিনি জানান, চুক্তি অনুযায়ী মালয়শিয়ার কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর জানুয়ারির প্রথম সপ্তাহে নিবন্ধন শুরু হবে। চাহিদাপত্র পাওয়ার দুই মাসের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে শ্রমিক পাঠানো যাবে। এই হিসেবে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে মালয়শিয়ায় শ্রমিক পাঠানো যাবে।
মন্ত্রী জানান, মালয়শিয়ার প্রায় পাঁচ লাখ কর্মীর চাহিদা রয়েছে বলে আমাদের জানিয়েছে। কারখানা (ম্যানুফ্যাকচারিং), নির্মাণ, কৃষি, সেবা (পরিচর্যা) ও বনায়ন (প্লান্টেশন) খাতে এসব কর্মী নেবে তারা। তবে প্রাথমিকভাবে বনায়ন খাতে কাজ করার জন্য ৩০ হাজার কর্মী নেবে মালয়শিয়া সরকার।
প্রায় চার বছর বন্ধ থাকার পর দীর্ঘ দেড় বছর ধরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ২৬ নভেম্বর দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়ে এমওইউ স্বাক্ষর হয়। এতে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রেও প্রত্যাহার করা হয়েছে বিধি-নিষেধ।
প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মালয়শিয়া যেতে ব্যয় হবে সর্বোচ্চ ৪০ হাজার টাকা। এরমধ্যে দেশটিতে যাওয়ার বিমান ভাড়াও অন্তর্ভুক্ত থাকবে। তবে ফিরতি পথের বিমান ভাড়া দেবে চাকরিদাতা প্রতিষ্ঠানের মালিকরা। ব্যয়ের এই অর্থ কর্মীরা নিজেরাও দিতে পারবেন। তবে কোন কর্মী প্রয়োজনে তার নিয়োগপত্র দেখিয়ে এ ব্যয়ের অর্থ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ হিসেবেও নিতে পারবেন। কর্মীর ইচ্ছেমতো কিস্তিতেই তা পরিশোধ করা যাবে।
এসব কর্মীর মাসিক বেতন কমপক্ষে ২৫ হাজার টাকা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, অদক্ষ কর্মীরাই এই ন্যূনতম বেতন পাবেন। তবে দক্ষ কর্মীদের ক্ষেত্রে এর পরিমাণ আরো বেশি হবে। ওই দেশে কর্মরত অবস্থায় তাদের থাকা ও খাওয়ার বিষয়টি চাকরিদাতারাই দেখাশোনা করবেন। কর্মীদের কোন ব্যয় হবে না।
শ্রমিক পাঠানোর ক্ষেত্রে জেলাভিত্তিক কোটা অনুসরণ করা হবে। প্রত্যেকটি জেলার মধ্যে আবার উপজেলা কোটাও থাকবে। অনলাইনে নিবন্ধণের ক্ষেত্রে জেলা বা উপজেলা কোটা পূরণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধন বন্ধ হয়ে যাবে। এজন্য নিবন্ধনকারীরা একটি কার্ড পাবেন। এতে তার প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত উল্লেখ করা থাকবে।
মোশাররফ জানান, আগ্রহী নিবন্ধিতদের বাছাই এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। এরপর মন্ত্রণালয়ের অধীনে থাকা ১৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভাষা, কৃষি ও সংস্কৃতি এবং ওই দেশের আইন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। ১০ দিনের প্রশিক্ষণ শেষে তাদের তালিকা চূড়ান্ত করে বিএমইটি তা মালয়শিয়ার নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে দেবে। ওই তালিকা থেকেই তারা কর্মী নেবে।
সাধারণভাবে অনলাইনে বা ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে বিনা খরচে এ নিবন্ধন করা যাবে। এজন্য কোন ছবিরও প্রয়োজন হবে না। তবে নিবন্ধনের জন্য আগ্রহীদের অবশ্যই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) থাকতে হবে।
এছাড়া কৃষিকাজে অভিজ্ঞতা, গ্রাম এলাকার প্রকৃত বাসিন্দা, কমপক্ষে পাঁচ ফুট বা তদুর্ধ্ব উচ্চতা; শরীরের ওজন কমপক্ষে ৫০ কেজি ও সুস্বাস্থ্যের অধিকারী এবং সর্বনিম্ন ২৫ কেজি ওজনের মালামাল হাতে করে বহনের ক্ষমতা থাকতে হবে এসব কর্মীর।
সরকারিভাবে জনশক্তি রপ্তানি শুরুর পর তা বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে কিনা, এ প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, এর কোন সুযোগ নেই। সমঝোতা চুক্তি অনুযায়ী সরকারিভাবেই এ জনশক্তি রপ্তানি করা হবে। তাই বেসরকারি খাতের কোন এজেন্ট বা দালালের মাধ্যমে কোন লেনদেন করারও প্রয়োজন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯১৪ ঘ.
bdnews24