ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের তাজরিন ফ্যাশনস কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে একটি বিদেশি ক্রেতা কোম্পানি।
সোমবার হংকংভিত্তিক তৈরি পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান লি অ্যান্ড ফুং গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ভিক্টর কে ফুং এই ঘোষণা দেন।
ভিক্টর ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) অনারারি চেয়ারম্যান। সংস্থাটির বাংলাদেশ শাখার এক শোকবার্তায় সহায়তার এই তথ্য জানানো হয়।
গত শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে রপ্তানিমুখী পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে আগুন লাগলে অন্তত ১১০ জন নিহত হয়।
আইসিসির শোক বার্তায় জানানো হয়, বিজিএমইএ’র অর্থনৈতিক সহায়তার সঙ্গে মিল রেখে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেয়া হবে।
এছাড়া ফুং ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেমেয়েদের পড়াশুনার জন্য একটা তহবিল গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এফএ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24