ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের মুসলিম, বিশেষ করে শিয়া গোষ্ঠী শোকের দিন আশুরা (১০ মহররম) রোববার। এক হাজার ৩৩১ বছর আগের বিয়োগান্তক একটি ঘটনা স্মরণে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করে দেশের মুসলিমরা।
হিজরি ৬১ সালের এই দিনে (৬৮০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর) বর্তমান ইরাকে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে তখনকার শাসক এজিদের বাহিনী হত্যা করে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেনকে।
সেই থেকে মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটি পালিত হয়ে আসছে।
ওই ঘটনা স্মরণে অনেক শিয়া মুসলমান এদিন ইমাম হোসেনের বীরত্বপূর্ণ সংগ্রাম ও কারবালার প্রান্তরে তাকে যে সব দুর্ভোগ পোহাতে হয়েছিল, তার প্রতীকী অনুকরণও করে থাকেন। নানাভাবে নিজের শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে সহমর্মিতা প্রকাশ করেন তারা।
আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলতে এবং অন্যায়ের প্রতিরোধ করতে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস। আশুরা আমাদেরকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মার ঐক্য ও সংহতি অব্যাহত রাখতে সহযোগিতা করবে-এই কামনা করি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।
তিনি বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
ঢাকায় এ দিনে হোসেনি দালানের ইমাম বাড়া মসজিদ থেকে বের হয় বিশাল তাজিয়া মিছিল। ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতমের মধ্য দিয়ে রাজধানীর নানা পথ ঘুরে এ মিছিল। এছাড়া আটকে পড়া পাকিস্তানিদের আবাস মোহাম্মদপুর ও মিরপুরেও বের হয় তাজিয়া মিছিল।
আশুরার এদিন অনেকে রোজাও রাখেন। মসজিদে সমজিদে হয় বিশেষ প্রার্থনা।
আশুরা দেশে সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বেতার, টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৩৩ ঘ.
bdnews24