ঠাকুরগাঁও, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চালককে মারধরের প্রতিবাদ এবং এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁও জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট দ্বিতীয় দিনের মত চলছে।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারধরের জন্য দায়ী ব্যক্তির শাস্তি না হওয়া পর্যন্ত জেলার সব অভ্যন্তরীণ রুটে এ ধর্মঘট অব্যাহত থাকবে।
তিনি বলেন, রোববার বিকালে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় কাউন্সিল এলাকায় একটি মোটর সাইকেলকে সাইড না দেওয়ায় এ ঘটনার সূত্রপাত।
“ওই মোটরসাইকেল আরোহী মুক্তা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের চালক পাঞ্জাব আলীসহ বাসের সহকারী ও সুপারভাইজারকে মারধর করে।”
এরপর মোটর মালিক সমিতি ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের এক যৌথ সভায় সোমবার থেকেই জেলার বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর, রুহিয়া, গড়েয়া সড়কে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৭০০ ঘ.
bdnews24