২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শরীরচর্চা শিক্ষকদের প্রথম শ্রেণীতে উন্নীত কেন নয়’

রিট আবেদনকারী সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট আবেদনকারী সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। বিভিন্ন সরকারি কলেজের ৭০ জন শরীর চর্চা শিক্ষকের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এই রুল জারি করে। জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, শিক্ষা সচিবসহ আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল ও জামিল আখতার এলাহী। সরকারি কবি নজরুল কলেজের শরীরচর্চা শিক্ষক মো. মাজহারুল ইসলাম ও ঝালকাঠি সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মশিউর রহমানসহ ৭০ জন শিক্ষক সকালে রিট আবেদনটি দায়ের করেন। বদরুদ্দোজা বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টররা একই ধরনের যোগ্যতা নিয়ে পদে আসীন হন। তাদের চাকরির মর্যাদাও একই। ২০০৩ সালে সরকার তাদেরকে তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করে। কিন্তু সরকারি কলেজের শরীরচর্চা বিষয়ক শিক্ষকদের এ পদমর্যাদা দেওয়া হয়নি। এই যুক্তিকে সামনে রেখেই আমরা রিট আবেদনটি দায়ের করেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৭৩১ ঘ.