চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধুমাত্র পোশাক শিল্পে সীমাবদ্ধ না থেকে নারীদের অন্যান্য শিল্পেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া।
শনিবার সন্ধ্যায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক মহিলা এসএমই এক্সপো বাংলাদেশ-১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ষষ্ঠ বারের মতো এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
দীলিপ বড়ুয়া বলেন, দেশের নারী উদ্যোক্তারা নারী জাগরণে অনেক বেশি অবদান রাখছেন।
তবে তিনি এও বলেন, “দেশের মহিলারা গার্মেন্টস শিল্পের মধ্যেই সীমাবদ্ধ। মহিলারা শুধু এ শিল্পে সীমাবদ্ধ না থেকে দেশের অন্যান্য শিল্পে অগ্রসর হবেন বলে আশা করি ও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
চট্টগ্রামে তিনটি, মংলা ও সিলেটে একটি করেসহ মোট পাঁচটি স্পেশালাইজড অর্থনৈতিক জোন করা হচ্ছে জানিয়ে দীলিপ বড়ুয়া বলেন, এ সব স্পেশালাইজড জোনে নারীদের অংশ গ্রহণের সুযোগ দেয়ার চেষ্টা করবে সরকার।
এছাড়া দেশের ব্যাংক, বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে বিনা সুদ ও শর্তে নারী উদ্যোক্তাদের ঋণ দেয়ার আহ্বানও জানান তিনি।
মাসব্যাপী নারী উদ্যোক্তাদের এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সাংসদ এম এ লতিফ, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।
এম এ লতিফ বলেন, চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যে নারীরা অনেক এগিয়ে গেছে। চট্টগ্রাম চেম্বার সব সময় মহিলা চেম্বারের পাশে রয়েছে।
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সহজ শর্তে বিদেশে রপ্তানি করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, মহিলা চেম্বারের সহ-সভাপতি খালেদা এ আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানে মহিলা চেম্বারের পরিচালক ও মেলা কমিটির সভাপতি কোহিনুর কামাল স্বাগত বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, এবার মেলায় ১০টি প্যাভিলিয়নে ৩০০টি স্টল রয়েছে। এর মধ্যে ১০০টি স্টল মহিলা উদ্যোক্তাদের জন্য, যার মধ্যে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের ৪০ টি স্টল।
এছাড়া ভারত, পাকিস্তান ও ইরানের জন্য তিনটি প্যাভিলিয়ন বরাদ্দ রয়েছে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশ ফি ধরা হয়েছে ১৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২১২৪ ঘ.
bdnews24