চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর নিচ দিয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণ সংক্রান্ত প্রকল্পের প্রাথমিক আলোচনা হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সেতু বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভায় বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে টানেলের স্থান, ব্যয় ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হয়।
সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টানেলের তিনটি স্থান নিয়ে আলোচনা হয়েছে। পরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ঢাকায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনটি স্থানের মধ্যে বর্তমানে আলোচনা চলছে নগরীর দিকে নেভাল একাডেমি ও এয়ারপোর্ট এলাকার মাঝামাঝি ও নদীর অন্য দিকে কাফকো ও সিইউএফএল এলাকার মাঝামাঝি স্থান।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে এই সভায় টানেল নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বিভাগীয় কমিশনার বলেন, চীনের যে কোম্পানি টানেল নির্মাণের কাজ করতে যাচ্ছে, তারা বিশ্বে এই পর্যন্ত প্রায় ১০০টি টানেল বানিয়েছে।
আলোচনায় সভায় জানানো হয়, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই টানেলটি কর্ণফুলী নদীর তলদেশ থেকে ৩৩ মিটার নিচে করা হবে।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম বন্দর, সিটি করপোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৮১৫ ঘ.
bdnews24