২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করবে সাদা দল

বেগম খালেদা জিয়া হলের নাম পরিবর্তন ও ‘অকারণে’ শিক্ষকদের গ্রেপ্তারের প্রতিবাদে এ ঘোষণা দেন বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবারের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দল। মঙ্গলবার কলা অনুষদের ডিন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া হলের নাম পরিবর্তন ও ‘অকারণে’ শিক্ষকদের গ্রেপ্তারের প্রতিবাদে এ ঘোষণা দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলসহ নব নির্মিত ও নির্মিতব্য বিভিন্ন স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে বুধবার ক্যাম্পাসে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন ছাত্রীদের জন্য নবনির্মিত সুফিয়া কামাল হল, ছাত্রদের জন্য জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন, সমাজবিজ্ঞান ভবন, উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বঙ্গবন্ধু টাওয়ার, রোকেয়া হলের ছাত্রীদের জন্য ‘৭ মার্চ’ নামে ১২তলা একটি ভবনসহ বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সংবাদ সম্মেলনে সাদা দল নেতা অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, “গণতন্ত্রের চর্চাকেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠনের সহাবস্থান থাকার কথা থাকলেও এ সরকারের আমলে তা হয়নি। আবার উপাচার্য প্যানেল নির্বাচন না দিয়ে অগণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছেন বর্তমান উপাচার্য। সরকারের মদদ ছাড়া এটা হতে পারে না।” সংবাদ সম্মেলনে সাদা দলের শিক্ষকেরা বলেছেন, সিনেটে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর বেগম খালেদা জিয়া হলের নাম বদলে সুফিয়া কামাল হল রাখা এবং বিনা ওয়ারেন্টে শিক্ষকদের গ্রেপ্তার ও তাদের বাসায় তল্লাশি চালানোর ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন। আর এসবের দায়ভার সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ওপরই বর্তায়। এক প্রশ্নের জবাবে সাদা দল আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বলেন, “কেবল মুক্তিযুদ্ধকালে আর সামরিক স্বৈরশাসকের আমলেই শিক্ষকদের এভাবে ধরে নিয়ে যাওয়া হত। অথচ বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলেও আমরা তা-ই দেখছি।” এ কারণে শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতায় আছেন বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের শিক্ষক অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, এবিএম ওবায়দুল ইসলাম, আবুল হাসনাত, মোজাম্মেল হক, লুৎফর রহমান, মামুন আহমেদ প্রমুখ। ছাত্রলীগের আনন্দ মিছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ক্যাম্পাসে আসা উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি কলা ভবন ঘুরে অপরাজেয় বাংলায় পৌঁছে শেষ হয়। বাদক দলের বাদ্যের তালে প্রায় এক হাজার ছাত্রলীগ নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন। অনেকেরই হাতে ছিল শেখ হাসিনার ছবি সংবলিত বিভিন্ন ফেস্টুন। পরে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৬১৬ ঘ.