ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার এবং ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে আরো দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুদক।
শেরে বাংলা নগর থানায় করা এই দুটি মামলায় সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক এস এম খবীর উদ্দিন।
অভিযোগপত্র দখিলের এই তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের প্রসিকিউটিং বিভাগের কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
একটি মামলায় জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে বিএনপির মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনকে ক্ষমতার অপব্যবহার করে ১০ লাখ টাকা অনুদান দেয়ার অভিযোগ আনা হয়েছে।
এই মামলার দেলোয়ার হোসেনকেও আসামি করা হয়েছিল, কিন্তু মারা যাওয়ায় অভিযোগপত্রে তার নাম বাদ দেয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফ-উল-ইসলাম এই মামলার আসামি।
অন্য মামলাটিতে আখতার হামিদ সিদ্দিকীর ১ লাখ ২১ হাজার ৭০৩ টাকা ৫৯ পয়সা অবৈধ উপায়ে নেয়াকে অনুমোদনের অভিযোগ আনা হয়েছে জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে।
এজাহারে বলা হয়, আখতার হামিদের ২০০৮ সালের ৬ থেকে ১৬ জানুয়ারি মস্কো এবং ১৭ থেকে ২৫ জানুয়ারি লন্ডনে ব্যক্তিগত খরচে ভ্রমণের অনুমতি ছিল। কিন্তু তিনি ফিরে সরকারি খাত থেকে অর্থ চাইলে জমিরউদ্দিন সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন না নিয়ে এবং জাতীয় সংসদ সচিবালয় আইন-১৯৯৪ লঙ্ঘন করে সেই বিল পাস করিয়ে দেন।
২০১০ সালের ডিসেম্বর মাসে শেরে বাংলা নগর থানায় দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপ-সহকারী পরিচালক এসএম খবীরউদ্দিন বাদী হয়ে মোট পাঁচটি মামলা করেন।
গত ১১ নভেম্বর দুটি মামলার অভিযোগপত্র আদালতেদ দেয় দুর্নীতি দমন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৩০ ঘ.
bdnews24