২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জিতু হত্যায় আসামিরাও ছাত্র-যুবদলের

সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের একাংশের আহ্বায়ক রাফসান আহম্মেদ জিতু হত্যার মামলায় সংগঠনেরই ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

বরিশাল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের একাংশের আহ্বায়ক রাফসান আহম্মেদ জিতু হত্যার মামলায় সংগঠনেরই ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম কবির ছাত্রদল ও যুবদলের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন। আসামিরা হলেন- ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান কালু, তার ভাই মিরাজ, যুবদল নেতা মাহফুজুর রহমান, জনি, সবুজ আকন ও মামুনুর রশিদ। এরা সবাই মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবুর রহমান সরোয়ারের সমর্থক হিসাবে পরিচিত। গত ২৪ মার্চ বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক মেয়র আহসান হাবীব কামালের সমর্থক জিতুকে সরকারি বরিশাল কলেজে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করে। জিতু কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পরদিন জিতুর ভাই ও ১৯নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টিপু থানায় হত্যা মামলা করেন। এসআই গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসকো আলামিন নামে একজন হত্যার ঘটনায় জড়িত ছিল। তবে তার স্থায়ী ঠিকানা না থাকায় তাকে আসামি করা হয়নি। তাকে গ্রেপ্তার করতে পারলে সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৩২ ঘ.