পঞ্চগড়, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনের মেয়াদ শেষে জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ২৭ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে পঞ্চগড়ের একটি আদালত।
রোববার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আলী হায়দার খন্দকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ হয়ে যায়।
আদেশে আগামী ১৪ নভেম্বর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুস সুবহানের মুক্তির দাবিতে একটি মিছিল শেষে দলের নেতাকর্মীরা ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে মারধর করেন।
এ অভিযোগে যুবলীগকর্মী মাছুম বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।
আসামি পক্ষের আইনজীবী আজিজুল ইসলাম বলেন, আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন।
জেলহাজতে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন দলের জেলা আমির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, নায়েবে আমির এমদাদুল হক।
অভিযুক্ত ৪৪ আসামির মধ্যে বাকি থাকে ১৭ জন। এরমধ্যে সাতজনকে স্থায়ী জামিন দেয়া হয়েছে। অপর ১০ জন রয়েছেন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২৪ ঘ.
bdnews24