২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি পরীক্ষা রোববার থেকে, প্রতি আসনে ৩৬ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে। এ বছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৬ শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে। এ বছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৬ শিক্ষার্থী। মোট সাতটি অনুষদের অধীনে নয়টি ইউনিটের ভর্তি পরীক্ষায় চার হাজার ৯১ আসনের বিপরীতে এবছর মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৪৬ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। প্রথম দিন রোববার সকাল সাড়ে ১০টায় (ব্যবসায় প্রশাসন অনুষদ) ‘সি-১’ ইউনিটের পরীক্ষা হবে। একই দিন দুপুর আড়াইটায় হবে ‘সি-২’ (মানবিক) ও ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা। দ্বিতীয় দিন ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জীব বিজ্ঞান অনুষদের ‘এইচ-১-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় হবে ইনস্টিটিউট অব মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজের ‘জি-ইউনিটের’ পরীক্ষা। ১৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় হবে বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা। দুপুর আড়াইটায় হবে ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘আই’ ইউনিটের পরীক্ষা। ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি-১’ ইউনিট, ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় আইন অনুষদের ‘ই’ ইউনিট এবং একই দিন দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি২, বি-৩, বি-৪, বি-৫ ও বি-৭’ ইউনিটের পরীক্ষা হবে। দুপুর আড়াইটায় হবে ‘বি-৬’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে সমাজ বিজ্ঞান অনুষদের ‘ডি-১, ডি-২ ও ডি-৩’ ইউনিটের পরীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৫৬ ঘ.