ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসনসহ অন্যান্য চাহিদা পূরণে প্রতিবছর প্রায় একলাখ হেক্টর কৃষিজমি কমে যাচ্ছে। এ ধরনের প্রবণতা কৃষি শ্রমিকদের বেকারত্বের দিকে ঠেলে দেবে বলে মনে করে ডিপ্লোমা প্রকৌশলীরা।
এ অবস্থায় দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং খাদ্যে স্বনির্ভরতা অর্জনে কৃষিজমি রক্ষায় পরিকল্পিত গ্রামীণ জনপদ নির্মাণের আহ্বান জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) নেতারা।
গণপ্রকৌশল দিবস ’১২ এবং আইডিইবি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কাকরাইলে আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আইডিইবি’র নেতারা।
এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান। সভাপতি একেএম আবদুল হামিদ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ফজলুর রহমান বলেন, দেশে বর্তমানে মোট জমির পরিমাণ প্রায় এক কোটি ৪৭ লাখ হেক্টর। এরমধ্যে কৃষিজমির পরিমাণ ৮৪ লাখ ৪০ হাজার হেক্টর। জনসংখ্যা বাড়ার কারণে আবাসনসহ অন্য চাহিদা পূরণে বছরে প্রায় একলাখ হেক্টর কৃষিজমি কমে যাচ্ছে।
এতে ৬০ ভাগ কৃষি শ্রমনির্ভর দেশে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হবে এবং কৃষি শ্রমিকদের বেকারত্বের দিকে ঠেলে দেবে। যা পরিণামে দেশে ভয়াবহ খাদ্য সংকট ও আর্থ-সামাজিক সমস্যা সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে তাদের বিভিন্ন সুপারিশও তুলে ধরা হয়।
এরমধ্যে রয়েছে- মহাপরিকল্পনা করে সব উপজেলা ও ইউনিয়নে বিদ্যুৎ, সুপেয় পানি ও স্যানিটারি ল্যাট্রিনসহ নাগরিক সুবিধা সম্বলিত পরিকল্পিত গ্রামীণ জনপদ নির্মাণ, উপজেলা থেকে গ্রাম পর্যায়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম বিস্তার, উপজেলা গৃহায়ন কর্তৃপক্ষের দপ্তর প্রতিষ্ঠাসহ গ্রামীণ জনগণকে বিনামূল্যে বাড়ি ঘরের নকশা সরবরাহ, সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়া, ইউনিয়ন পর্যায়ে পরিকল্পিত গ্রামীণ জনপদ উন্নয়ন কমিটি গঠন ও সুনির্দিষ্ট দায়িত্ব দেয়া এবং নতুন বাড়ি নির্মাণে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা গৃহায়ন কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধান করা।
পরে গণপ্রকৌশল দিবসের পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ৮ নভেম্বর কেন্দ্রীয়ভাবে আইডিইবি ভবনে আলোচনা এবং র্যালি, ১২ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি আদায়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন, ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত জেলা সদরে র্যালি ও আলোচনা, ৯ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে নবীন-প্রবীণ সদস্য প্রকৌশলীদের সম্মিলন, সংবর্ধনা ও আলোচনা, ১৯ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে পক্ষকালব্যাপি কর্মসূচির সমাপ্তি ঘোষণা।
প্রকৌশলী নেতা নিহার রঞ্জন মণ্ডল, খন্দকার মাইনুর রহমান, ইদরীস আলী, শেখ নবীব আলী, কামরুজ্জামান নয়ন ও শামসুল হক এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮০৫ ঘ.
bdnews24