ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা থেকে মাঝগ্রাম পর্যন্ত ২৫ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে একটি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।
মঙ্গলবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ের পক্ষে পশ্চিমাঞ্চলীয় মহা ব্যবস্থাপক (জিএম) আব্দুল আউয়াল ভূইয়া এবং নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্স অটোমোবাইল প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ আলমগীর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।
আগামী ১৮ মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। এর মধ্য দিয়ে পাবনার আটঘরিয়া উপজেলার মাঝগ্রাম হয়ে পাবনা শহরে রেল চলাচল শুরু হবে।
ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারটর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের মূল প্রকল্পের আওতায় পাবনা-মাঝগ্রাম রেলপথ নির্মাণের এ প্রকল্পে সরকার ১৫৫ কোটি ৭৮ লাখ টাকা অর্থায়ন করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে পাবনাবাসীর ঢাকার আসার পথে ৫৫ কিলোমিটার দূরত্ব কমে যাবে, ঢালারচর পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়ন হলে খুব সহজেই ঢাকা আসা যাবে।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রকল্পের কাজ আগামী ১৮ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণকারী প্রতিষ্ঠানকে তা ১২ মাসের মধ্যে শেষ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে যাতে প্রকল্পটি শেষ করা যায় সেজন্য উদ্যোগ নেয়া হবে।
রেল সচিব মোহাম্মদ মহবুব উর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য য. মোহাম্মদ ফজলুর বারী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারটর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণে মূল প্রকল্প বাস্তবায়নে মোট ৯৮২ কোটি ৮৭ লাখ টাকা প্রয়োজন হবে। মূল প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাড়ি ঘাট এলাকায় যমুনা নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় ঈশ্বরদী ঢালারচর রেলপথটি পদ্মা নদীর ওপর প্রস্তাবিত নতুন রেল কাম সড়ক সেতু দিয়ে রাজবাড়ী রেল লাইনের সঙ্গে যুক্ত হবে। এর ফলে ঈশ্বরদী-মাঝগ্রাম-ঢালারচর-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-পদ্মা সেতু হয়ে ঢাকা হয়ে একটি নতুন রেল রুট তৈরি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/১৫৪৫ ঘ.
bdnews24