রংপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের শাপলা চত্বরে জনতা ও পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। স্থানীয় জামায়াত কার্যালয় পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীসহ বিভিন্ন স্থানে সোমবার পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এবং যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে শাপলা চত্বরের পাশে জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। এ সময় ওই এলাকায় থাকা ট্রাক শ্রমিকদের সঙ্গে জামায়াত কর্মীদের বাক-বিত-া শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ওপর ইট পাটকেল ছুড়তে শুরু করে জামায়াত কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে স্থানীয় জনতাও জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় শাপলা চত্বর এলাকায় জামায়াতের কার্যালয়টি পুড়িয়ে দেয় একদল লোক।
প্রায় দুই ঘণ্টা সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়। পরে টিয়ারশেল ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) এ বি এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত কর্মীরা বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা চালালে নিরাপত্তার স্বার্থে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে।
জামায়াত কার্যালয়ে কারা আগুন দিয়েছে তা পুলিশ জানে না বলে উল্লেখ করেন তিনি।
সহকারী পুলিশ সুপার বলেন, কোতয়ালি থানার ওসি আলতাফ হোসেনসহ আহত পুলিশ সদস্যদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে মহানগর জামায়াতের আমীর মাহবুবুর রহমান বেলাল দাবি করেন, পুলিশের ইন্ধনেই জনতা তাদের কার্যালয়ে আগুন দিয়েছে।
সংঘর্ষের সময় পুলিশ ১০ জামায়াত কর্মীকে আটক করেছে বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩১০ ঘ.
bdnews24