বেনাপোল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারত যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে সীমান্তের সাদিপুর ও শিকড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল মালেক (৪২), সুবোধ বর্মন (৩৭), অজিত নন্দী (২৯), নিরঞ্জন বিশ্বাস (২৫), জ্যোতিষ রায় (৩২), অমল বিশ্বাস (৩৪), প্রকাশ রায় (১৮), বিশ্বজিত রায় (২১), রাবেয়া খাতুন (৪০), সুচিত্রা রায় (৩৫), সালমা বেগম (৩২) ও রূপা (৬)। তাদের বাড়ি যশোরের মনিরামপুর, নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।
যশোর ২৬ বিজিবির বেনাপোল কোম্পানি সদর কমান্ডার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন বাংলাদেশি অবৈধ পথে ভারত যাচ্ছে এমন খবর পেয়ে সাদিপুর ও শিকড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।
তবে তাদের সঙ্গে থাকা দালাল পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫২৯ ঘ.
bdnews24