চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ এলাকা থেকে অপহৃত একটি শিশুকে সাতদিন পর ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন অপহরণকারীকে।
বুধবার ভোরে ফেনীর দাগনভূঁইয়া থানার রঘুনাথ গ্রামের মালেক সওদাগরের বাড়ি থেকে পাঁচ বছর বয়েসী ওই শিশুকে উদ্ধার করা হয় বলে বায়েজিদ থানা পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- সাইফুল ইসলাম (১৮), তার বন্ধু সানাউল্লাহ (২০) এবং তাদের সহযোগী মোহাম্মদ সোহাগ (২১)।
গত ২৫ অক্টোবর চৌধুরী নগর এলাকা থেকে রিকশাচালক মো. মিজু মিয়ার ছেলে মেহেদী হাসান আল আমিনকে অপহরণ করা হয়।
এ ঘটনায় মিজু মিয়া বাদি হয়ে ওই দিনই একটি অপহরণ মামলা করেন।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণকারীরা মিজু মিয়ার পূর্ব পরিচিত এবং তারা অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।”
রিকশাচালক মিজু মিয়া তার ছেলেকে ফিরে পেতে ২০ হাজার টাকা দিতে রাজি হলেও অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণের দাবি অনড় থাকে এবং তা না হলে আল আমিনকে হত্যার হুমকি দেয়।
পুলিশ কর্মকর্তা দীপক বলেন, থানায় অভিযোগের পর পুলিশ মোবাইল কলের সূত্র ধরে বায়েজিদ বোস্তামী পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দাগনভূইয়ার রঘুনাথ গ্রামে সাইফুলের বাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করে।
গ্রেপ্তার তিনজনই শিশু অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দীপক দেওয়ান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯১২ ঘ.
bdnews24