চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় একটি ডাম্পার ক্রেন চুরির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত থেকে রোববার দুপুরের মধ্যে কোনো এক সময় ক্রেনটি চুরি হয় বলে অভিযোগ করেছেন ক্রেন মালিকের ভাই ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নূর মোহাম্মদ সোহেল।
এ ব্যাপারে চকরিয়া থানায় একটি অভিযোগ (নম্বর- ১৮৯৩/১২) দায়ের করা হয়েছে।
নূর মোহাম্মদ বলেন, শুক্রবার রাতে চকরিয়া উপজেলার উত্তর লক্ষ্যাচর গ্রামের শিকলঘাটায় গাড়িটি রাখা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্রেনটি পার্কিং স্থানে থাকলেও রোববার বিকেলে ড্রাইভার পোনে তার ভাই নজরুল ইসলামকে জানায় যে গাড়িটি পাওয়া যাচ্ছে না।
বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে ক্রেনটির সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় থানায় অভিযোগ দাখিল করা হয় বলে তিনি জানান।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) ও তদন্ত কর্মকর্তা মো. জামাল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এব্যাপারে উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হচ্ছে এবং বিভিন্ন ফাঁড়িতে জানিয়ে দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১০৫ ঘ.
bdnews24