সহযোগিতা বাড়াতে বেলারুশের সঙ্গে ১২ চুক্তি
বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও বেলারুশ।
বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও বেলারুশ।
সোমবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মিখাইল মিয়াসনিকোভিচের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেন শেখ হাসিনা।
দুই দেশের মধ্য করা চুক্তিগুলো হলো- বিনিয়োগ বৃদ্ধি ও পারস্পরিক সুরক্ষা , দুই দেশের সরকারি কর্মকর্তা ও কূটনীতিবিদদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড ও বেলারুশের সেন্টার ফর অ্যাক্রিডিটেশনের মধ্যে সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহযোগিতা বিনিময়, দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময়, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যটেজিক স্টাডিজ (বিআইএসএস) ও বেলারুশ ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যে সহযোগিতা চুক্তি।
এছাড়া দুই দেশের মধ্যে আইনগত সহযোগিতা বৃদ্ধি, ঢাকা ও মিনস্করে মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, কৃষিজাত পণ্যের উৎপাদন, সামুদ্রিক প্রাণী সম্পদ রপ্তানির ক্ষেত্রে মান নিযন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশ একাডেমী অব সায়েন্স ও বেলারুশের জাতীয় বিজ্ঞান একাডেমীর মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও বেলারুশের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে পাঁচটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেন দুই দেশের কর্মকর্তরা।
বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং বেলারুশের শিল্পমন্ত্রী দিমিত্রি কাতেরিনিচ, উপ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই এলেইনিক, কৃষি ও খাদ্য উপমন্ত্রী ভাসিলি কাজাকেভিচ ও দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব চুক্তিতে সই করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ঢাকায় আসেন বেলারুলেশ প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিতে হোটেল সোনারগাঁওয়ে যান।
মধ্যাহ্নভোজের পর বেলারুশের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন মিখাইল মিয়াসনিকোভিচ। সেখানে বেসরকারি পর্যায়ে কয়েকটি চুক্তি হতে পারে বলে রোববার পররাষ্ট্র দীপু মনি সাংবাদিকদের জানান।
দীপু মনি গত মে মাসে বেলারুশ সফর করেন। সে সময়ই তিনি শেখ হাসিনার পক্ষ থেকে সে দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এই সফরে মিখাইল মিয়াসনিকোভিচ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায়ও অংশ নেয়ার কথা রয়েছে তার।
তিন দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন বেলারুশের নেতা।
