২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা’ কমিটি

দুর্গা পূজায় নিরাপত্তা ও সর্তকতামূলক ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা’ কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গা পূজায় নিরাপত্তা ও সর্তকতামূলক ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা’ কমিটি গঠন করা হয়েছে। পুলিশ প্রশাসনের পরামর্শে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শ্যামল পালিত। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে দূর্গোৎসব শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এছাড়া প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। শ্যামল পালিত জানান, এ বছর চট্টগ্রামে এক হাজার ৭৪১টি পূজা মন্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৪টি উপজেলায় এক হাজার ৪৯০টি এবং চট্টগ্রাম মহানগরীতে ২৫১টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের প্রতিটি উপজেলায় প্রায় ১৫টি করে এবং চট্টগ্রাম নগরে প্রায় ২০টি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে মঠ-মন্দির, বৌদ্ধ বিহার ও বসত বাড়িতে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তি ও দুর্গাপূজায় চারদিনের সরকারি ছুটি ঘোষনার দাবি জানানো হয়। এদিকে পূজা মন্ডপগুলোতে আযান ও নামাজের সময় এবং রাত ১২টার পর মাইক ব্যবহার বন্ধ রাখা, আতশ বাজি ও পটকা ফোটানো বন্ধ রাখা এবং বিজয়া দশমিতে দুপুর ২টা থেকে সূর্যাস্তের মধ্যে প্রতিমা বিসর্জনের চেষ্টা করার জন্য বিভিন্ন পূজা কমিটিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৪৫৫ ঘ.