বরগুনা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে বরগুনার তালতলীর টেংরাগিরি ইকোপার্কের বিভিন্ন প্রাণী।
সরকারিভাবে এসব প্রাণীর জন্য খাবারের ব্যবস্থা না থাকায় এ সমস্যা হচ্ছে বলে অভিমত সংশ্লিষ্টদের।
প্রাণী দেখভালের দায়িত্বে থাকা তালতলীর ছকিনা বিট কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত সরকারিভাবে প্রাণীদের জন্য খাবারের কোন বরাদ্দ নেই। নিজস্ব উদ্যোগে স্থানীয়ভাবে এসব প্রাণীকে কিছু খাবার দেয়া হয়ে থাকে। যা পর্যাপ্ত নয়।”
পার্কের অনেক প্রাণী পরিবেশের সঙ্গেও খাপ খাওয়াতে পারছে না বলে জানান এই কর্মকর্তা।
বঙ্গোপসাগরের কোল ঘেঁষে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের বিনোদনের জন্য এই ইকোপার্ক প্রতিষ্ঠা করা হয়।
বন ও পরিবেশ মন্ত্রণালয় গত ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে ২ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ছয়শ টাকা ব্যয়ে এখানে বন্য প্রাণী, তাদের বাসস্থান, কুমির প্রজনন কেন্দ্র, পর্যটকদের জন্য পিকনিক স্পট, রেস্ট হাউসসহ বনের ভিতরে রাস্তা তৈরি করে।
তালতলী রেঞ্জ কর্মকর্তা ওবায়দুল হক জানান, পার্কটিতে আটটি হরিণ, ২৫টি শুকর, দুটি মেছো বাঘ ও তিনটি কুমির রয়েছে। এসব প্রাণীর জন্য সরকারি উদ্যোগে কোনো খাবার বরাদ্দ না থাকায় এরা দিন দিন দুর্বল হয়ে পড়ছে।
এছাড়া বনের ভেতরে প্রাণীদের উপযোগী পরিবেশ না থাকাও ইকোপার্কের জন্য সমস্যা বলে জানান রেঞ্জ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24