সিলেট, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস দুর্ঘটনায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন ওসমানী মেডিকেলের এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র মইনুদ্দিন খান স্বপন (৩০), চতুর্থ বর্ষের ছাত্র শহীদুল ইসলাম (২৯) ও নবীগঞ্জের সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া এলাকার হাশমত মিয়ার ছেলে আব্দুল মজিদ (৩০)।
স্বপনের বাড়ি ফেনী সদর ও শহীদুলের বাড়ি নোয়াখালীর লক্ষীপুরে।
শেরপুর হাইওয়ে থানার ওসি হুমায়ূন কবির জানান, সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের বাসটি নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আব্দুল মজিদকে চাপা দেয়। এরপর বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে মজিদ ও বাসযাত্রী স্বপন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় শহীদুলের।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে ও নবীগঞ্জ থানা পুলিশ এবং হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আহতদের ওসমানী মেডিকেল, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪০ ঘ.
bdnews24