কক্সবাজার, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের হস্তক্ষেপে ছাড়া পেয়েছেন কক্সবাজারের উত্তম বড়ুয়ার মা ননীবালা বড়ুয়া মাধু ও মাসী আদিতা বড়ুয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মুক্তি পাওয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়। তারা রামুর হাইটুপি গ্রামে নিজেদের বাড়িতেই উঠছেন, সেখানে নিরাপত্তা দেয়ার নির্দেশনাও উচ্চ আদালতের রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রাতে উত্তমের ফেইসবুক পাতায় একটি অবমাননাকর ছবি দেখে রামুতে মিছিল বের হয়। পরে উগ্রপন্থিরা বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা, ভাংচুর, লুটপাট চালায়। আগুনও দেয়া হয় বিভিন্ন স্থানে।
ঘটনার পর থেকে উত্তমের কোনো সন্ধান পাওয়া না গেলে তার মা ননীবালা (৪১) এবং খালা আদিতাকে (২৬) ঘটনার পরদিনই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের রিমান্ডেও নেয়া হয়।
কোনো অভিযোগ না থাকার পরও গ্রেপ্তারের এই খবর সংবাদপত্রে দেখে হাই কোর্ট বুধবার এ নিয়ে উষ্মা প্রকাশ করে। তাদের আটক অবৈধ বলেও বৃহস্পতিবার ঘোষণা করে।
ননীবালা ও আদিতার আইনজীবী অরূপ বড়ুয়া তপু সাংবাদিকদের জানান, হাই কোর্টে নির্দেশনার লিখিত কোনো অনুলিপি কক্সবাজারের আদালতে পৌঁছেনি। তবে আইনজীবীদের আবেদনে রাত সাড়ে ৯টায় দুজনকে ছেড়ে দেয়া হয়েছে।
তাদের মুক্তির জন্য তদবিরকারী আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তা আবু ওবাইদুর রহমান জানান, ননীবালা ও আদিতাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আদালতের নির্দেশনা মতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেবে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৩ ঘ.
bdnews24